উপহার

 কেউ ভালোবেসে সুতা উপহার দিলে সেটাও উপহার । কেউ একজন পকেটের টাকা খরচ করে না বুঝে আমার অপছন্দের জিনিস উপহার দিলেও সেটা উপহার । তার তো কোনও দায় নেই আমাকে পকেটের টাকা খরচ করে উপহার দেয়ার , তবু সে দিচ্ছে কারণ সে আমার জন্য ভাবে । তার ঘাম ঝরানো টাকা, শখের জিনিস না কিনে আমার জন্য সেভ করে রাখা টাকা, বাবার কাছ থেকে কান্নাকাটি করে নেয়া ৫০০ টাকা থেকে ৪০০ টাকা আমার উদ্দেশ্যে রেখে দেয়া টাকা, বন্ধুর কাছ থেকে ধার করে আনা টাকা , কত ভাবে একজন উপহার দাতা আমাকে উপহার দেয়ার অর্থ জোগাড় করে, দিনের পর দিন বসে হ্যান্ডিক্রাফট বানায়। এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ আমার জন্য দু সেকেন্ড ভাবছে, সময় খরচ করছে এর চেয়ে পাওয়া আর কী হতে পারে ? 


এই কেয়ারিং মানুষগুলোর জন্য কিছু করতে চাইলে পালটা গিফট দেয়াই একমাত্র উপায় নয়। তাদের দেয়া আমার অপছন্দের উপহার টি আমি যদি কাউকে দিয়ে দিই সেটা যেন তারা জানতে না পারে, আমি যে তার উপহার দেয়াতে ঝামেলায় পড়েছি তা যেন সে বুঝতে না পারে । আমি যে তার উপহার টি ফেলে রাখি অযত্নে অজস্র উপহারের ভীড়ে তা যেন উপহার দাতা পর্যন্ত না পৌঁছায় । এটা জানতে পারা খুব কষ্টের, মন খারাপ করার । 


আমি উপহার নষ্ট না করায় সচেষ্ট । কাউকে দিয়ে দিই না । অপ্রয়োজনীয় হলেও আমার ঘরের কিছুটা জায়গা তারা দখল করে থাকুক । আমার ট্রাংকে ১২ বছরের পুরনো চকলেটের মোড়কও সযত্নে তুলে রাখা আছে। কত জায়গা কত সময় কত অপ্রয়োজনে চলে গ্যালো । আমার জন্য দু দন্ড ভাবে কিংবা কখনো ভেবেছে এমন মানুষদের জন্য কিছু জায়গা, কিছু সময়, কিছু অপ্রীতিকর কথা ব্যক্তিগত রাখা; তাকে তো ঠিক অপ্রয়োজন বলা যাচ্ছেনা । বরং এইটাই তো বড় প্রয়োজন ।


©বাপ্পী ইমাম



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন থেকে পাওয়া ২০ টি শিক্ষা