আসলে কি চেয়েছি জীবনে
"মাঝে মাঝে একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই, জীবনে আসলে সত্যি সত্যি কী চেয়েছি? অর্থ? ক্যারিয়ার? ভালোবাসা?
অর্থের পেছনে ছুটতে থাকা একটা অনন্তকালের যাত্রা। ছুটতেই থাকো, ছুটতেই থাকো। প্রতি মুহূর্তে চাহিদারা তাড়িয়ে বেড়াবে। প্রতিনিয়ত গন্তব্যটা আরো একটু করে দূরে সরে যাবে।
ক্যারিয়ারের সিঁড়িটাও বোধহয় অমন। উঠতে উঠতে কোনো একদিন ভীষণ ক্লান্ত লাগবে। একদিন থামতে হবে, পেছন ফিরে তাকাতে হবে; এরপর মনে হবে, এই ভয়ংকর প্রতিযোগিতায় কি পেলাম আর কি হারালাম।
ভালোবাসা। সে আরেক ইতিহাস। কখনো মনে হয়, জীবনের সবচেয়ে আরাধ্য ওটা। কখনো মনে হয়, মরীচিকার মতো জ্বলজ্বলে মিথ্যে সে।
নগরীর ব্যস্ত রাস্তায় আটকে থাকা রিকশাতে উলের সোয়েটার পরা নিষ্পাপ শিশুটাকে দেখি, মায়ের কোলে হা করে ঘুমাচ্ছে; কি ভীষণ প্রশান্তির ঘুম!
আমি উত্তর পেয়ে গেলাম।
যে ঘুমে উপরে ওঠার অসুস্থ প্রতিযোগিতা নিয়ে এক বিন্দু দুশ্চিন্তা নেই, যে ঘুমে তীব্র ক্ষুধায় ধড়ফড় করে জেগে যাওয়ার আশংকা নেই, যে ঘুমের ভেতর খরচের হিসেব নিকেশের দুঃস্বপ্নরা হানা দেয় না, যে ঘুমের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে পরম আরাধ্য ভালোবাসা; অমন প্রশান্তির একটা ঘুম ঘুমাতে চাই।
আমি নিশ্চিত, পৃথিবীতে যদি প্রশান্তির ঘুম বিক্রি হতো, সমস্ত কিছুর বিনিময়ে মানুষ একটুখানি ঘুম কিনতে চাইতো !!"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন